চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। আজ চলমান আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছে টাইগাররা। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে অল্পতেই থেমেছে প্রোটিয়ারা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ১১৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ১১৪ রান।
এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। তানজিম হাসান সাকিবের করা প্রথম ৫ বল থেকে ১১ রান নেন কুইন্টন ডি কক। তবে মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার রেজা হেনড্রিকস। নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ডি কককে ফেরান সাকিব। এই উইকেটকিপার ব্যাটার করেন ১৮ রান। সাকিবের তৃতীয় শিকারে পরিণত হওয়া ট্রিস্টান স্টাবস ডাক মারেন। এর আগে তাসকিনের বলে ৪ রানে বোল্ড হন মার্করাম।
মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলের হাল ধরেছেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচে ফিরেছে প্রোটিয়ারা। তবে ১৮তম ওভারে তাসকিনের পেসের তোপের মুখে বোল্ড হন ক্লাসেন। এরপর পরের ওভারে রিশাদের বলে বোল্ড হন ডেভিড মিলার। শেষে মহারাজ ও জ্যানসেনের ব্যাটে এই সংগ্রহ পায় প্রোটিয়ারা।